প্রথম দিন আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ১০৬০ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে এক হাজার ৬০ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

এর মধ্যে অনলাইনে ১৪ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। 

মনোনয়ন ফরম বিক্রির প্রথমদিন এর থেকে দলটির আয় হয়েছে, পাঁচ কোটি ৩০ লাখ টাকা।

এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। শনিবার সকালে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত।

শনিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। গোপালগঞ্জ-৩ আসন থেকে বঙ্গবন্ধুকন্যার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এ সময় গোপালগঞ্জের নেতারা উপস্থিত ছিলেন।