রাজধানীতে আবারও হরতালের আগে বাসে আগুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। রোববার সকাল থেকে শুরু হতে চলা হরতালের আগে রাতে আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে দুটি বাসে আগুনের খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, শনিবার সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে  কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া যায়। তবে আমাদের ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়। 

তিনি আরও জানান, এরপর সন্ধ্যা সাতটা ৩৬ মিনিটে গুলিস্তান টোল প্লাজার সামনে মেয়র হানিফ ফ্লাইওভার ওপর কোমল মিনিবাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

এদিকে রোববার থেকে শুরু হতে যাওয়া হরতালে বাস চলাচল স্বাভাবিক রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। হরতাল চলাকালে যদি কোনো বাস ক্ষতিগ্রস্ত হয় তবে সেটির ক্ষতিপূরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন বলে আশ্বাস দিয়েছে মালিক সমিতি।