দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টাসহ দুইজনকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগেরভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একরামুজ্জামান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এ কে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
তিনি নাসিরনগর উপজেলার বাসিন্দা এবং আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক। একরামুজ্জামান অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং নবম ও একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন।
এদিকে আরেক বহিষ্কৃত বিএনপি নেতা শাহ মো. আবু জাফর গত ২০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি।
বিএনপি ত্যাগের আগ পর্যন্ত তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। আবু জাফর ফরিদপুর-১ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।