নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িকের মধ্যে তাদের নিয়ে তাদেরকে আওয়ামী লীগের ‘ডামি’ হিসেবে অভিহিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন।
তিনি বলেছেন, ‘স্বতন্ত্র প্রার্থী মানেই আওয়ামী লীগের ডামি ক্যান্ডিডেট। যাদের নলও নেই, গুলিও নেই। সেটি ফুটবেও না, কারো ক্ষতিও করবে না।
বুধবার বিকালে মুজিবনগর স্মৃতিসৌধে শহিদদের শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, ‘একটি অংশগ্রহণ মূলক নির্বাচনের জন্যই তাদের দলের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাখা হয়েছে। যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ বিজয়ী না হয়।
‘প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে একটি অংশ গ্রহণমূলক নির্বাচন যাতে দেশে অনুষ্ঠিত হয়। এতে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক পড়েছে। মঙ্গলবার এক দিনেই ৩৩টি আসনে আওয়ামী লীগের ৫২ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
এদিকে সংসদ নির্বাচনে প্রার্থী হতে ৩০ জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগপত্র দিয়েছেন বলে খবর বেরিয়েছে।
গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গণভবনে মতবিনিময় সভায় দলের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী বা ডামি প্রার্থী হতে পারবে বলে সিদ্ধান্ত দেন দলীয় প্রধান শেখ হাসিনা। পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হয়ে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্র প্রার্থী ফ্রি স্টাইল হবে না।