আওয়ামী লীগ কখনোই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, গণতন্ত্রের ধারা অক্ষুন্ন রাখতে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এমনটিই চায় আওয়ামী লীগ।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় আওয়ামী লীগের এ সিনিয়র নেতা বলেন, নির্বাচনকে সামনে রেখে ১৪ দল এবং জাতীয় পার্টির সাথে রাজনৈতিক আলোচনা চলছে যা সামনেও চলমান থাকবে। আওয়ামী লীগ কখনোই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায় না। নির্বাচনকে ঘিরে নানা ধরনের জটিলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে, তারপরও সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বাহাউদ্দিন নাছিম আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে দলের অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যাতে বাঁধা দেয়নি আওয়ামী লীগ। উৎসব মুখর পরিবেশ ও প্রতিদ্বন্দিতামূলক নির্বাচন করতেই স্বতন্ত্র প্রার্থী দেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়ে আসলেও দলের মধ্যে কোন কোন্দল তৈরী হবে না। গণতন্ত্রের ধারা অক্ষুণ্ণ রাখতে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এমনটিই চায় আওয়ামী লীগ।
জাতীয় পার্টির প্রসঙ্গে নাছিম বলেন, চৌদ্দ দলসহ জাতীয় পার্টির সাথে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা চলছে। এই আলোচনা শুধু নির্বাচন নিয়ে নয়, আগামী দিনেও আলোচনা চলবে। এটা নিয়ে কোন সংশয় বা অপ্রিতিকর অবস্থা সৃষ্টির সুযোগ নেই।