কুয়েতের আমিরের প্রতি শ্রদ্ধা জানিয়ে হরতাল পেছালো বিএনপি

কুয়েতের প্রয়াত আমিরের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল একদিন পিছিয়ে বিএনপি। সোমবারের পরিবর্তে মঙ্গলবার হরতাল করবে বিএনপি ও সমমনা দলগুলো।

রোবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপি ও সমমনা জোট ও দলের পক্ষ থেকে সোমবার যে হরতাল কর্মসূচি ছিলো সেটি কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ইন্তেকাল করায়, তার সন্মানার্থে যেহেতু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, এই কারণে কালকের (সোমবার) সকাল-সন্ধ্যা হরতাল মঙ্গলবার হবে।

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ রোববার মারা যান, তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার প্রতি সম্মান দেখাতে সোমবার বাংলাদেশের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

২৮ অক্টোবরের পর থেকে দফায় দফায় হরতাল-অবরোধের মত কর্মসূচি দিয়ে আসছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি। চার দিন বিরতির পর সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের এ কর্মসূচি শনিবার ঘোষণা করেছিলেন রিজভী।