বিয়ে নয়, নির্বাচনে করতেই আনন্দ বেশি: শামীম ওসমান

বিয়েতেও এতো আনন্দে করি নাই, নির্বাচন করাতে যতো আনন্দ করছি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। শুক্রবার বিকেলে, নাসিক ২ নং ওয়ার্ড এলাকায় নির্বাচনী জনসংযোগে এসে তিনি এসব কথা বলেন। 

নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়ে শামীম ওসমান বলেন, আমার নির্বাচনী প্রচারণায় যে পরিমাণ মানুষ হয় তার মধ্যে প্রতি পরিবার থেকে অন্তত দুজন করেও কেন্দ্রে গেলে আমার নারায়ণগঞ্জ-৪ আসনে ৫৫ শতাংশ ভোটার উপস্থিত হবেন। আর যদি পাশের বাড়ির লোকজন নিয়ে আসে তাহলে ভোটার ৬৫ শতাংশ হবে। 

সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাকে গোপালগঞ্জের চেয়ে শক্তিশালী দাবি করে তিনি বলেন, আমি হলাম সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লার বাসিন্দা। আমি মনে করি এ দুটি এলাকা গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী। তার আসনে ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, গতকাল আমি কাশিপুর এলাকায় গিয়েছিলাম। সেখানে আমি চাচ্ছিলাম মানুষ আমার থেকে কিছু দাবি করুক। কিন্তু কেউ কিছু চায়নি। তবে কিছু নারী এসে আমাকে বললেন, দেড় হাজার ফিটের একটি ড্রেন নির্মাণ করে দিতে।

এর আগে, সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়তে এসে শামীম ওসমান বলেন, দেশে অনেক ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। অনেকে আখড়া করতে চাচ্ছে। যেমনটা ফিলিস্তিনে আখড়া করেছিল। আমাদের দেশকে গাজার মত বানাতে চায়। শেখ হাসিনা একা এগুলোকে মোকাবিলা করছেন। আমাদের সকলকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নয়তো এর আগে ব্রিটিশদের গোলামি করেছি দুশো' বছর। এবার গোলামি থেকে মুক্তি পাবেন না, দেশ ঝাঁঝরা হয়ে যাবে।

তিনি বলেন, আমি গতবারও ভোট চাইনি, এবারও চাইবো না। আমি মনে করি আপনার জ্ঞান আমার চেয়ে বেশি। কোনটা ভাল, কোনটা খারাপ আপনি জানেন। আমার কাজ আমি করে যাবো, কবুল করবেন আল্লাহ। পৃথিবীর সব মানুষ আমার পক্ষে থাকলেও আল্লাহ বিপক্ষে থাকলে আমি কিছুই করতে পারবো না।

নৌকার এই প্রার্থী আরও বলেন, এত কাজ হচ্ছে। এগুলো ভোগ করবে কে। আমি আর ভোট চাইবো না। আমি রাজনীতি না করলে বৌ বাচ্চা নিয়ে বিদেশ ঘুরতাম। এবার আমি শপথ করেছি। যদি আল্লাহর হুকুম হয়, এটা আপনাদের সহায়তা ছাড়া পারবো না। আপনারা যদি ফুল ফল গাছ লাগান সেটার পরিচর্যা করেন। ফুল নেন ফল খান। সেটা পরিচর্যা না করলে জঙ্গল হবে কাঁটা গাছ হবে। আমি ফুলগাছ হলে আমাকে পরিচর্যা করবেন আর কাঁটা গাছ হলে আমাকে উচ্ছেদ করবেন।