ঢাকা চারে ট্রাক-নৌকা-লাঙ্গলের ত্রিমুখী লড়াই

ঢাকা চার আসনে প্রার্থী এগারোজন। এখানে নৌকা, ট্রাক আর লাঙ্গলের ত্রিমুখী লড়াই জমে উঠেছে। প্রার্থীদের প্রচারে আর পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। 

পাড়ায় পাড়ায় নির্বাচনী সভায় নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। 

গেণ্ডারিয়ার ডিআইটি প্লট পুকুরপাড় চত্বরে নির্বাচনী সভার মধ্য দিয়ে দিনের প্রথম প্রচার ও গণসংযোগ শুরু করেন নৌকার প্রার্থী সানজিদা খানম। জয়ের আশা জানিয়ে যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের প্রতি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নৌকার এই প্রার্থী। 

এদিকে ঘরে ঘরে ভোট চাইছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আওলাদ হোসেন। তার দাবি দল নয় ভোটাররা এবার ব্যক্তিকে ভোট দেবেন। নিজের জয়ের ব্যাপারে তিনিও আশাবাদি। 

মেরাজনগরে নির্বাচনী জনসভায় লাঙ্গলের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, সুষ্ঠু ভোট হলে তিনিই জয়ী হবেন। হুঁশিয়ারি দেন ভোটে এবার কাউকে প্রভাবিত করতে দেয়া হবে না। 

শ্যামপুর জুরাইন আর গেন্ডারিয়ার একাংশ নিয়ে ঢাকা-৪ আসনে প্রার্থী এবার এগারোজন। তবে প্রচারের মাঠে এগিয়ে নৌকা, ট্রাক আর লাঙ্গল প্রতীক। লড়াইটাও হবে ত্রিমুখী; বলছেন ভোটাররা।