সরকারই সাম্প্রদায়িকতা লালন করে: রিজভী

সরকারই সাম্প্রদায়িকতা লালন করে অন্যের ওপর দায় চাপায় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

রিজভী বলেন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে সুষ্ঠু ভোটের দাবিতে চলা আন্দোলন এখনো অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদী সরকারের এই যে নিপীড়ন, এই যে নির্যাতন, এই যে ২৫ হাজার নেতাকর্মীকে অসংখ্য মামলায় কারাগারে বন্দি করে রাখা। এরপরেও আজকে যখন তারা বেরিয়ে আসছে, তখন উদ্বুদ্ধ হচ্ছে নতুন শ্লোগানে, নতুন আন্দোলনে।

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র ফেরাতেই হবে, বন্দি গণতন্ত্রকে মুক্ত করতেই হবে। দেশের মানুষ সোচ্চার কণ্ঠে কথা বলতে চায়, নির্বিঘ্নে কথা বলতে চায়, সেই অধিকার প্রতিষ্ঠার মূল প্রেরণা বায়ান্নোর একুশে ফেব্রুয়ারি।

সরকার পতনের দাবিতে দীর্ঘদিন থেকে চালিয়ে আসা বিএনপির এক দফা আন্দোলন থামেনি বলে মন্তব্য করেন রিজভী। বলেন, আমাদের এক দফার আন্দোলন থামেনি, আন্দোলন চলছে। আমাদের যে অভীষ্ট, সেটি পূরণ না হওয়া পর্যন্ত… অর্থাৎ অবাধ, সুষ্ঠু নির্বাচন আর প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব দাবি করেন যে, তাদের নেতাকর্মীরা হতাশ নয় বরং তারা উজ্জীবিত।

সকালে রাজধানীর আজিমপুরে কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।