বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য। শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থন আছে। আমাদের আশঙ্কা হচ্ছে, সরকার কোটা সংস্কার আন্দোলনে বিএনপির উসকানি আছে বলে আন্দোলনকে অন্যদিকে ধাবিত করে মূল দাবিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে৷
শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা আব্বাস এসব কথা বলেন।
এসময় এই আন্দোলনের ফাঁক দিকে সরকার অন্য কোন চক্রান্ত করছে কি-না, দেশ বিরোধী কোন ষড়যন্ত্র করছে কি-না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপির এই সিনিয়ার নেতা।
মির্জা আব্বাস বলেন, বিএনপির আন্দোলন কখনও ব্যর্থ হয়নি। সরকার বিএনপির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে। অনেককে গুম-হত্যা করেছে। তারপরও বিএনপির নেতাকর্মীরা মাঠে আছেন। এ সরকারের পতন ঘটানো পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন করবেন। সরকার পতনই এখন বড় চ্যালেঞ্জ। তাদের হাত থেকে দেশ রক্ষা করবে বিএনপি।
বিএনপিতে কমিটি দেওয়ার ক্ষেত্রে কোন বাণিজ্য হয় না উল্লেখ করে তিনি বলেন, বিএনপিতে কমিটি বাণিজ্য হয়না, কাউন্সিল বা কমিটি যাই হয় তার সবই বিএনপির আভ্যন্তরীন ব্যাপার।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আব্বাস রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।