শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি ফখরুলের

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছেন তিনি।

বুধবার এক বিবৃতিতে তিনি এসব দাবি তোলেন।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণবিচ্ছিন্ন সরকার আইন, সংবিধান, গণতান্ত্রিক রীতি-নীতি, মানবিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনরোষ থেকে নিজেদের রক্ষা করতে সুবিধা ও ইচ্ছামতো যা ইচ্ছা তাই করছে। এসব করতে গিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে ছিন্নভিন্ন করে গণতান্ত্রিক ও মানবিক চরিত্র গুম করেছে। গণতন্ত্র, ভোটাধিকার, বাক-স্বাধীনতা, মতপ্রকাশ, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনসহ মানুষের সাংবিধানিক অধিকারকে নস্যাৎ করতে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার।

বিএনপির মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের দমন করতে বর্বরোচিত আক্রমণ চালিয়েছে সরকার। অমার্জনীয় অপরাধ করে জানতে চায় কি তাদের অপরাধ? তাদের অপরাধের তালিকা এতই দীর্ঘ যে বিবরণ দিয়ে শেষ করা যাবে না।

বিবৃতিতে ফখরুল দাবি করেন, এখনও অনেক অভিভাবক সন্তানের খোঁজ পাচ্ছেন না।

তিনি আরও বলেন, কারফিউ চলাকালীন এলাকা ভাগ করে আইনশৃঙ্খলা বাহিনী ‘ব্লক রেইড’ পরিচালনা করছে ও নির্বিচারে ছাত্র গ্রেপ্তার করে অভিভাবক, তরুণ সমাজ এবং জনমনে ভীতি ও ত্রাসের সঞ্চার করছে। এসব করে কোনো লাভ হয়নি, বরং সরকারের কূটকৌশল উপেক্ষা করে শিক্ষার্থীরা নতুন উদ্যোমে আন্দোলন এগিয়ে নিচ্ছেন।