ছাত্রদের আন্দোলনে বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে: ফখরুল

শুধু সমর্থনই নয়, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বানানীতে কারাবন্দি দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

এসময় ফখরুল বলেন, ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছে তখনই এর যে যৌক্তিকতা তা নিয়ে আমরা কথা বলেছি, আমরা তাদের সঙ্গে সহযোগিতা শুধু নয়, তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি। আরও বেশি দৃঢ়তার সাথে বলতে চাই, যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সব রকমের সহযোগিতা তাদের প্রতি থাকবে।

তিনি বলেন, যেহেতু শিক্ষার্থীদের আন্দোলন এটা। সেজন্য রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব-কর্তব্য তা আমরা পালন করছি, আমরা করতে থাকবো।

মির্জা ফখরুল বলেন, তরুণরাই এবার জেগে উঠেছে। এজন্যেই আমরা অত্যন্ত আশাবাদী। আশাবাদী এই কারণে যে, তরুণরা যখন জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে জেগে ওঠে সেই আন্দোলনকে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না।

ফখরুল এসময় তার দলের সব নেতা-কর্মীর প্রতি ছাত্রদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা দেয়ার আহ্বান জানান।