যারা বিপ্লব সংগঠিত করেছে তাদের দিয়ে এই সরকার করা হলে আরও ভালো হতো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আরও ছাত্র নিয়ে এই সরকার গঠিত হোক, বুদ্ধিজীবীদের আর দরকার নাই। শিক্ষক সমাজের মধ্যে এখন অনেক দুর্বৃত্ত আছে। কোটায় নিয়োগ পেয়ে অশিক্ষিত লোকরা শিক্ষক নেতা সেজে বসেছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
এতো দ্রুত স্বৈরাচারী সরকার পতন হবে তা অনেকেই ভাবতে পারেন নাই মন্তব্য করে হাফিজ বলেন, বিএনপি হয়তো আরও দশ বছরেও এদের পতন নিশ্চিত করতে পারতো না। তাদের পতন আল্লাহ ঘটিয়েছেন তার কুদরতি ইশারায়। বিএনপির ওপর তারা যে অত্যাচার করেছে তা এশিয়া মহাদেশে নজিরবিহীন। এরা (আওয়ামী লীগ) এতো ভালো অভিনেতা ছিলেন যে তাদের অস্কার দেওয়া উচিত।
শেখ হাসিনার সরকারকে ভারত টিকিয়ে রেখেছিল মন্তব্য করে হাফিজ বলেন, ভারতকে বলতে চাই বন্ধুত্ব চাইলে খুনিদের বাংলাদেশে ফেরত পাঠান।
বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী সরকার উল্লেখ করে মেজর হাফিজ বলেন, বরেণ্য ব্যক্তি ড. ইউনূসের সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে।
সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ৬২২ জনের নামের তালিকা প্রকাশ করুন। এদের সেনাবাহিনী আশ্রয় দিতে পারে না। তাদের প্রতি আশা তারা জনগণের পাশে সবসময় থাকবেন। স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ, যোগ করেন মেজর হাফিজ।
জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে রোডম্যাপ আশা করেছিল বিএনপি। এরই সূত্র ধরে মেজর হাফিজ বলেন, এই সরকারের এখনই একটি রোডম্যাপ দেওয়া উচিত। তবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সময় লাগবে। সরকারকে সময় দিতে চাই। অনেকেই এই সরকারকে ছাত্রদের সরকার বললেও এটা বাংলাদেশের জনগণের সরকার। অনেকে দাবি-দাওয়া দিয়ে সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে। আনসাররা যে কাজ করেছে, এটা কোনো আনসার নয়। আওয়ামী লীগ সরকার এদের ট্রেনিং দিয়ে আনসারে নিয়োগ দিয়েছে।
সেনাবাহিনীর কাছে যেসব থাকার কথা সেসব আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য পুলিশকে দিয়েছে। দেশ রক্ষায় ব্যবসায়ীদের আর লুটপাট দেখতে চাই না। মিয়ানমার এসে মানুষ মেরে চলে যায় বিমানবাহিনী কোনো জবাব দেয় না। সেনাবাহিনীকে দিয়ে শুধু ব্রিজ আর বন্যায় ত্রাণ দেওয়ার কাজে ব্যবহার করলে হবে না। আমাদের আগ্রাসী কোনো পরিকল্পনা নাই। দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিলে সুষ্ঠুভাবে দেশ পরিচালনার চেষ্টা করবো বলেও জানান মেজর হাফিজ।
এসময় তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশে বলেন, দয়া করে যে বিপ্লব সংগঠিত হয়েছে তাকে ধারণ করুন। নির্বাচনের দিন প্রধান কমিশনার ঘুমায়, সেই কমিশন ২৪ ঘণ্টার মধ্যে বিলুপ্ত করুন। নইলে গণতন্ত্র আসবে কীভাবে।
ইউনুস সাহেব এগিয়ে যান। সব সঙ্কটে আপনার পাশে দেশের মানুষের পাশাপাশি বিএনপিও থাকবে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।