বাংলাদেশের বৈদেশিক বাজার দখলের পায়তারায় ভারত: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গার্মেন্টস শিল্প ধ্বংস করে ভারত বাংলাদেশের বৈদেশিক বাজার দখল করার পায়তারা করছে। তাই দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে দেশের শিল্প প্রতিষ্ঠান রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে দেশের শিল্প প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে।

শনিবার গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

গার্মেন্টস, ওষুধসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলা প্রতিরোধ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধের দাবি এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, আর কোনো উপায় না পেয়ে বিদেশি শক্তির সঙ্গে যুক্ত দেশের অর্থনীতিকে দুর্বল করতে শিল্প কারখানায় অস্থিরতা সৃষ্টি করছে শেখ হাসিনা ও তার দোসররা। 

ফখরুলের আরও অভিযোগ, দেশ থেকে বিতাড়িত হয়ে পাশের দেশসহ বিদেশি একটি শক্তির সঙ্গে যুক্ত হয়ে শেখ হাসিনা শিল্প কারখানায় নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশ অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। 

এসময় প্রাণ গ্রুপের মালিকের বরাত দিয়ে তিনি বলেন, তিনি দুঃখ করে বলছেন, ভারতের সঙ্গে পাল্লা দিচ্ছেন। কিন্তু সেখানেও ভারতের ষড়যন্ত্রে তারা কাজ করতে পারছে না। 

পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গার্মেন্টস, ওষুধসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরির শুরু থেকেই এসব আন্দোলনের পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা দাবি করেছেন তিনি।

সমাবেশ থেকে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি পাঠানোরও দাবি জানান বিএনপি মহাসচিব। 

এসময় আবারও দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে ফখরুল বলেন, আওয়ামী লীগের সৃষ্ট জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকার কাজ শুরু করেছে। জনগণ আশা করে, সরকার তাদের কথা শুনবে। বাংলাদেশের মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে চায়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার প্রমুখ।