ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। একাত্তর টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
তিনি বলেছেন, ভারতের গণমাধ্যম বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানামুখী অপচেষ্টা চালাচ্ছে।
গত ১৬ ডিসেম্বর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পাকিস্তানের বিপক্ষে ভারতের বিজয় আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘটনাকে কেন্দ্রকে দেশে শুরু হয় আলোচনা সমালোচনা। মোদীর এমন বক্তব্যের প্রতিবাদও জানায় বাংলাদেশ।
লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠান শেষে একাত্তরকে টেলিভিশন তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী একতরফা বিবৃতির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে অবজ্ঞা করেছেন।
এ সময় আগামী জাতীয় নির্বাচনের সময় সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে বলেন, প্রধান উপদেষ্টা যে সময়সীমা উল্লেখ করেছেন, নির্বাচন আয়োজনে এত সময় নাও লাগতে পারে।
সাবেক ছাত্রনেতা আরও বলেন, একদল লোক ভারসাম্য নষ্ট করার জন্য, উত্তেজনা তৈরি করতে, দেশি-বিদেশি বিভিন্ন মহলকে সুবিধা দিতে উঠেপড়ে লেগেছে।
সাক্ষাৎকারে ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ছড়ানো অপতথ্যের কথা উঠে আসে। তিনি বলেন, ভারতের গণমাধ্যম বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের সংগ্রামকে বেগবান করতে বিএনপি কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।