সবকিছু বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে সংস্কারের মাস্টারপ্ল্যান করলে, তা দেশের জনগণ মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, অন্তর্বর্তী সরকার আর যাই করুক, তা অন্তত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হবে না।
এ সময় তিনি বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ছিলো দেশের জনগণের। কিন্তু কোনো কোনো উপদেষ্টা বলছে নির্বাচনের এতো তাড়া কেনো? মূলত, দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে, জনগণের মধ্যে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
রুহুল কবির রিজভী বলেন, সংস্কার কোনো বড় বিষয় না। ঊর্ধ্বতন কেউ বা নির্বাহী আদেশের অবৈধ নির্দেশকে না বলাই বড় সংস্কার।
প্রশাসনের সমন্বয় ঠিকমতো না হওয়ার কারণে এখনও দেশের আইনশৃঙ্খলা ঠিক হয়নি এমন অভিযোগ করে রিজভী বলেন, শেখ হাসিনা ও ভারতের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কোনে বিকল্প নেই।