রাজধানীর ডেমরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে মানববন্ধনের সময় দুটি পক্ষের হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সাত জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসের সামনে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, কবি নজরুল অনার্স প্রথম বর্ষে মোছা. আনতা মিম (২০), ধনিয়া কলেজের মোছা. রাবেয়া (১৯), তেজগাঁও কলেজের আশরাফ উদ্দিন বাবু (১৯), ইস্ট ওয়েন্টের ইমরান হোসেন (২২), ডিপ্লোমা কোর্সের মাকছুদুর রহমান (২৪) আলামিন (২২) ও মো. হাসিফ (২০)।
আল হাসিব বিন শান্ত ও আহত ইমরান বলেন, সোমবার ডেমরায় প্রিথু নামের সহযোদ্ধাকে সমন্বয়কদের সামনে মারধর করা হয়। আজকে বিকেলে আমদের বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মীমাংসার জন্য ডাকা হয়েছিল। সেখানে যাওয়া মাত্রই বৈষম্য আন্দোলনের সদস্য নাঈমের নেতৃত্বে ৮/১০ জন মিলে মারধর করে। এতে সাত জন আহত হয়।
বিক্ষোভকারীদের দাবি, ঘটনার সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ।
এদিকে কেন্দ্রীয় অফিসের নিচে বিক্ষোভ করার সময় ঘটনাস্থলে আসেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বক্তব্য শোনেন। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেন নাই।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন আহত সাত শিক্ষার্থীর জরুরি বিভাগের চিকিৎসা চলছে।