যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে: আমীর খসরু

যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ তাদের মালিকানা ফিরে না পেলে গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। 

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র। নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না।

বর্তমান সরকারকে নিরপেক্ষতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তবে গত ১৫ বছরে সাধারণ মানুষের রক্ত-ত্যাগের প্রতি বেঈমানী করা হবে। নিরপেক্ষতার মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে আনতে হবে। 

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার বিষয়ে সঠিক সিদ্ধান্ত না নিয়ে কেউ যদি দ্বিতীয় পথ অবলম্বন করে তবে কারও কাছে তা গ্রহণযোগ্য হবে না। বড় ভুল করবে তারা। জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তাই, যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।