এনসিপির অভিষেকে পাকিস্তানি হাইকমিশারসহ বিভিন্ন দলের নেতারা

আত্মপ্রকাশ হতে চলেছে দেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। নতুন এ দলের নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক এভিনিউয়ে যোগ দিয়েছেন বহু ছাত্র-জনতা। এদিন বেলা তিনটায় এর আনুষ্ঠানিকতা শুরু কথা বলা হলেও তা শুরু হয় বিকেল সোয়া চারটায়।

সরেজমিন, রাজধানীর মিরপুর, শাহবাগ, উত্তরা, রমনাসহ বিভিন্ন এলাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

অনুষ্ঠানে ইতিমধ্যে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে এসেছেন পাকিস্তান হাইকমিশনারসহ আরও অনেকে।

অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহসভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মসলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যকে শক্তিশালী করবে। সবার সঙ্গে সৌহার্দের সম্পর্ক থাকবে আমাদের।