ড. ইউনূসের চীন সফর নিয়ে স্বৈরাচারের দোসররা গুজব ছড়াচ্ছে: রিজভী

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে পলাতক স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সংগ্রামের সরকার। সরকারের প্রতি সবার সমর্থন আছে। তবে পলাতকদের ষড়যন্ত্র থেমে নেই বলেও মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা জোর করে, রায় দিয়ে, রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলো কিন্তু পারেনি। ছাত্ররা প্রকৃত ইতিহাস জেনে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলো। দেশে স্বৈরাচার আসলে টিকে থাকতে পারে না। দূরে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে গেছেন নেতৃত্বের মাধ্যমে।

বাজার পরিস্থিতি নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বাজার পরিস্থিতিতে কিছুটা স্বস্তি থাকলেও এখনও চালসহ বিভিন্ন নিত্য পণ্যের দাম উদ্বেগের পর্যায়ে রয়েছে। ৫ আগস্টের পর বিগত সরকারের লুটপাটের পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে সজাগ থাকতে হবে। 

এসময় সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক বেলায়েত আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদ হাসান, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আব্দুর রহিম ও ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল উপস্থিত ছিলেন।