বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া হবে না: মামুনুল হক

অনেকে ফ্যাসিবাদিদের পুনর্বাসন করার স্বপ্ন দেখছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে পাঁচটি গণহত্যা চালিয়েছে, সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ শহরের মাছুমপুর খেলার মাঠে জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে। শেখ হাসিনাসহ তার সকল সহযোগী সকলের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি বন্ধ রাখতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম-মহাসচিব মুফতী শরাফত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামাতের আমীর মাওলানা শাহিনুর আলম প্রমুখ।

mamunul1

গণসমাবেশে জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের খেলাফত মজলিসের নেতাকর্মীরা অংশ নেয়।