সুপ্রিম কোর্টে ব্যারিস্টার রাজ্জাকের দ্বিতীয় জানাজা সম্পন্ন

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 

সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনের বাগান চত্বরে তার দ্বিতীয় জানাজা হয়। 

জানাজায় ইমামতি করেন আব্দুর রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী। 

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজায় অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ অন্যান্য সংগঠন তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর পর তৃতীয় জানাজা বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে সম্পন্ন হবে।

এর আগে রোববার (৪ মে) বাদ এশা ধানমন্ডির তাক্বওয়া মসজিদে তার প্রথম জানাজা হয়।