বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিমান দোহা থেকে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে কাতারের আমিরের দেওয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশের পথে যাত্রা করে।
হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান তারেক রহমানসহ পরিবারের সদস্য ও বিএনপির নেতাকর্মীরা। লন্ডন ত্যাগের সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘ভালো থেক তোমরা, ভাইয়ার খেয়াল রেখ’।
এর আগে নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে পৌঁছে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় ছেলে তারেক রহমানকে খালেদা জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন, ‘কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তুমি?’ জবাবে তারেক রহমান বলেন, ‘তুমি উঠে গেলে, জাইমা চলে আসলে, আমি চলে যাব।’ পরে বিদায় নেওয়ার সময় অপেক্ষারত নেতাকর্মীদের খালেদা জিয়া বলেন, ‘ভালো থেক তোমরা। ভাইয়ার খেয়াল রেখে। আল্লাহ হাফেজ।’
সামাজিকমাধ্যম ফেসবুকে তারেক রহমানের পোস্ট করা ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
বিএনপি সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান-২ এ অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে। নেতাকর্মীদের হাজারো ভিড়ের মধ্য দিয়ে তাকে বিমানবন্দর থেকে বাসায় পৌঁছানোর সময় অভ্যর্থনা জানানো হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘তিনি (খালেদা জিয়া) মঙ্গলবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আশা করছি।’