লন্ডনে জুবাইদা, স্বাগত জানালেন তারেক রহমান

লন্ডন পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। সেখানেই পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।

বাংলাদেশ সময় শুক্রবার (৬ জুন) তিনি লন্ডনে পৌঁছালে বিমানবন্দরে স্ত্রীকে ফুল হাতে স্বাগত জানান তারেক রহমান।

এর আগে পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটানোর পর বৃহস্পতিবার যুক্তরাজ্যে ফিরে যান জুবাইদা রহমান।

গতকাল বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছিলেন, লন্ডন পৌঁছে সেখানেই স্বামী তারেক রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন ডা. জুবাইদা।

দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা।

১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন ডা. জুবাইদা রহমান।

জুবাইদার জন্ম সিলেটে। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন।

২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়া পর সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে। পরে তিনি সেখানকার ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি নেন।