দেশে গণতন্ত্র ফেরাতে সহযোগিতা করবে চীন: মির্জা ফখরুল

বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে চীন সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে দেশটি।

সোমবার (৩০ জুন) বিকেলে চীন সফর নিয়ে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে নানা বিষয়ে কাজ করার আগ্রহ দেখানোর পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে চীনের মনোভাব ইতিবাচক। 

সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা প্রকল্প এবং রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, চীন রোহিঙ্গা প্রত্যাবসানে কাজ করছে। তাদের আগ্রহ আছে তিস্তা প্রকল্পে কাজ করারও। 

বিএনপি মহাসচিব জানান, রাখাইন রাজ্যের নাগরিকদের নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবর্তনের বিষয়ে চীন আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে চীনের আগ্রহের কথাও জানান বিএনপি মহাসচিব।

গেলো ২২ থেকে ২৫ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফর করেন। 

দেশটির ক্ষমতাসীন পার্টি সিপিসির আমন্ত্রণে পাঁচ দিনের এই সফরে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ, সমঝোতা স্মারক সইসহ ব্যবসায়িক নানা বিষয়ে দুই দেশের সম্পর্কে ব্যাপক সম্ভাবনা দেখছে বিএনপি।