শাপলা প্রতীক বাতিলের বিষয়টি গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম

নির্বাচন কমিশনের শাপলা প্রতীক বাতিলের বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

দলের আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, নির্বাচন কমিশনার একটি রাজনৈতিক দলের পারপাস সার্ভ করছে। শাপলা প্রতীক ছাড়া এনসিপির বিকল্প কিছু নেই বলেও দাবি করেন তিনি।

গত ২২ জুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

এসময় দলের প্রতীক হিসেবে শাপলা চাওয়ার কথা জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দলের বিভিন্ন সভা সমাবেশে শাপলা প্রতীকের প্রচার করতেও দেখা যায় নেতাকর্মীদের। 

তবে বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় নির্বাচন কমিশন জানায় শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা পাবে না।

নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে জাতীয় পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। 

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, একটি দলের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

শাপলা প্রতীক ছাড়া এনসিপির বিকল্প কোনো প্রতীক নেই বলেও জানান তিনি।