চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। ওই অঞ্চলকে অশান্ত করতে দীর্ঘদিন ধরে কাজ করছে একটি কুচক্রী মহল, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আদিবাসী, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বাংলাদেশের অখণ্ডতা রক্ষা ও পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে হয় এই আলোচনা সভা। এতে যোগ দেন রাজনীতিক, নিরাপত্তা বিশ্লেষক ও সুধী সমাজের প্রতিনিধিরা।
আলোচকরা গুরুত্ব দেন পাহাড়ে স্থায়ী সমাধানের ওপর। সেইসঙ্গে পাহাড়িদের সঙ্গে বাঙালিদের দূরত্ব কমিয়ে একসঙ্গে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবিলার প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন তারা।
বাংলাদেশের বিশেষ চট্টগ্রাম বিভাগকে নিয়ে নানা ধরনের চক্রান্ত চলছে। সেসব চক্রান্ত রুখে দিতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ থেকে বিতাড়িত পরাজিত শক্তি দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।
তাদের বিষয়ে সশস্ত্র বাহিনীকে সজাগ থাকতে হবে বলেও আহ্বান জানান সালাহ উদ্দিন আহমেদ।
জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিবে তার দল, এমনটাও জানান তিনি।