জাপার বহিষ্কৃতদের কাউন্সিল: চেয়ারম্যান আনিসুল, মহাসচিব হাওলাদার

জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কৃত নেতা-কর্মীদের উদ্যোগে আয়োজিত দলের দশম জাতীয় কাউন্সিলে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান ও এবিএম রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হয়েছেন। 

শনিবার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে ইমানুয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত পার্টির দশম জাতীয় কাউন্সিলে সারাদেশ থেকে আগত প্রায় দুই হাজার কাউন্সিলরের কণ্ঠভোটে তারা নির্বাচিত হন।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে, জাতীয় পার্টি গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব হিসেবে এবিএম রুহুল আমিন হাওলাদারের নাম ঘোষণা করেন। কমিশনের অন্য সদস্যরা হলেন- মোস্তফা আল মাহমুদ ও মো. আরিফুর রহমান খান।

জাপার চেয়ারম্যান আনিসুল, মহাসচিব হাওলাদার

এদিকে কাজী ফিরোজ রশিদ সিনিয়র কো-চেয়ারম্যান ও মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হন। সারাদেশ থেকে আসা কাউন্সিলরদের পাশাপাশি প্রায় তিন হাজারের অধিক ডেলিগেট কাউন্সিলে উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং দলীয় পতাকা উত্তোলন করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।

কাউন্সিলে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য দিদারুল আলম দিদার ও বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) মহাসচিব জাফর আহমেদ জয়।

উল্লেখ্য, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের ওপর আদালতের নিষেধাজ্ঞার সুযোগে দলের ভেতর নতুন মেরুকরণ তৈরি হয়েছে। জিএম কাদেরের বিরোধী অংশ ৫ আগস্ট এক সভায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করে। একইসঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জিএম কাদের যাদের বহিষ্কার করেছিলেন তাদের সবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করার সিদ্ধান্তও নেয়া হয়।

দলীয় চেয়ারম্যান জিএম কাদের অংশ এই সম্মেলনসহ পুরো প্রক্রিয়াকে ‘বেআইনি’ এবং ‘গঠনতন্ত্রবিরোধী’ বলে মনে করছে। তারা এই সম্মেলনে অংশও নেয়নি।