নিরাপদ বাংলাদেশ নিশ্চিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা চায় বিএনপি: তারেক রহমান

নির্বাচনকে সামনে রেখে নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করার জন্য বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা চায় বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ আগস্ট) ময়মনসিংহের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি জানান, সকল জাতিগোষ্ঠী নিয়ে অন্তর্বর্তীমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর।

একটি গণতান্ত্রিক, ন্যায্য, অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ময়মনসিংহে একত্রিত হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। সমাবেশের শুরুতে নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্যের রঙে ছেয়ে যায় মঞ্চ।

সবাই মিলে এক পতাকার নিচে দাঁড়ানোর বার্তা দিতেই সমতলের ১২ জেলার ৩৪ জাতিগোষ্ঠীকে নিয়ে এই প্রতিনিধি সমাবেশের আয়োজক জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল।

বিগত সময়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে রাজনৈতিক ও সাংবিধানিকভাবে পিছিয়ে রাখা হয়েছে নানানভাবে। তবে বিএনপি এই জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফায় পরিষ্কার বলা হয়েছে রেইনবো নেশনের কথা। লন্ডন থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আবারো সেটি পুনর্ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামীতে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতাও চান তারেক রহমান।

পাহাড় বা সমতলে সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপির সকল কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে জানিয়ে তারেক রহমান জানান, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ কীভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে বিএনপি।