জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন কেবল ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলের বর্জনের পিছনেও নিশ্চয়ই কোনো কারণ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এমন কোনো নির্বাচন আয়োজন করা উচিত নয়, যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, পলায়নকৃত স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চায়।
তাই নির্বাচন আয়োজকদের বিভাজন সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির এ সিনিয়র নেতা।
তিনি আরও বলেন, এমন প্রহসনমূলক আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হচ্ছে। বাংলাদেশকে পিছিয়ে দেয়ার ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে।