আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই বিএনপিকে নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন তার উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, যেহেতু তিনি ভোটের সময়ে দলকে নেতৃত্ব দেবেন, সেজন্য উনার দেশে আসাটাই স্বাভাবিক। তারিখ যখন টিক হবে তখন সবাই জানতে পারবে।
বৃহস্পতিবার, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে অংশ নেয়া শেষে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে।
তারেক রহমান কবে দেশে ফিরবেন, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন, যেহেতু তিনি দলের নেতৃত্ব দেবেন, সেজন্য উনার দেশে আসাটা স্বাভাবিক, উনি আসবেন। তারিখ যখন ঠিক হবে, তখন জানতে পারবেন।
তিনি আরও জানান, বিএনপি নেতৃত্বাধীন জোট আগামী জাতীয় নির্বাচন নিয়ে সক্রিয় প্রস্তুতি নিচ্ছে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচনের সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকভাবে নির্বাচনের বিষয়টি দেখছেন। সময়মতো সব কিছু জানানো হবে, যোগ করেন হুমায়ুন।
এ সময় নিউইয়র্কে এনসিপি নেতা আখতারকে হেনস্তার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে হুমায়ুন কবির বলেন, এই হামলা আবারও প্রমাণ করেছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে যারা কথা বলে, তারা আজ বিদেশেও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছে।
উল্লেখ্য, তারেকের বাবা জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি ১৯৭৯ সালে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়। জিয়ার মৃত্যুর পরে দলের হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম, ২০০১ সালে অষ্টম এবং ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে অংশ নেয়।