রাজনীতিবিদদের অনৈক্যে অনেকেই হতাশ: মির্জা ফখরুল

অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য দেখে অনেকে হতাশ হয়ে পরছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

এসময় মির্জা ফখরুল বলেন, দেশে ক্রান্তিকাল চলছে, তাই চারদিকে অনৈক্যর সুর। রাজনীতিবিদরা দেশের পথ যেমন তৈরি করে, তেমনি পথ নষ্টও করেন। তিনি বলেন, দুর্ভাগ্য, দেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। এর জন্য দায়ি আমরা রাজনীতিবিদরাই। 

তিনি আরও বলেন, রাজনীতিতে সততা ও স্বপ্ন না থাকলে রাজনীতি সুন্দর হবেনা। ক্ষমতায় এসে সম্পদ তৈরি করার মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছু অর্জন হয় না।

তরুণদের সামনে রাজনীতির সম্ভাবনা বাস্তবায়ন করার সুযোগ এসেছে উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেসকল শিক্ষার্থীরা প্রাণ দিয়েছেন তাদের ধন্যবাদ জানান মির্জা ফখরুল।