আগামী নির্বাচন হেন-তেন নির্বাচন হবে না। একটা শক্ত নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, আগের মতো নির্বাচন হবে না, কারণ আওয়ামী লীগের গুন্ডারা এখন আর নেই। বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে লড়াই হবে, আর আমরা হলাম ভাই ভাই।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, জামায়াতে ইসলামী আমাদের বন্ধু ছিলো, তারা অনেক অত্যাচারিত হয়েছে। কিন্তু নির্বাচনকে ঘিরে এ দল দেশে বৈষম্য সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, আমার যেটি চাই তার উল্টোটা তারা বলে। আমরা চাই ভোট তারা চায় পিআর। দেশে একটি অস্থিতিশীল পরিবেশে তৈরি করার কারণে আমার তাদের বিরুদ্ধাচরণ করছি। জামায়াত যদি দেশের স্বার্থ বহির্ভূত কোনো কাজ করে বিএনপি তখন এর প্রতিবাদ করবে।
এ লড়াইয়ে পুরুষ ও নারীকে এক সাথে বিএনপির পাশে থাকতে হবে জানিয়ে তিনি বলেন, যে লড়াইয়ে আমার জয় লাভ করেছি কিন্তু হাসিনা দেশ ছেড়ে চলে গেছে। হাসিনা চলে গেলেও তার প্রেতাত্মা এখনও দেশে আছে।
এদিকে ভিন্ন মতধারী যারা ইসলামের কথা বলেন, তারা ধানের শীষে ভোট না দিতে বলবে ধানের শীষে ভোট দিয়ে তাদের সমুচিত জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় সেনবাগ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটির বিভিন্ন স্তৃরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।