শুধু গণভোট দিয়ে সংবিধান সংশোধন হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন সেজন্য প্রয়োজন হবে নির্বাচিত জাতীয় সংসদের।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
কোনো আইন-আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ না করার আহবান জানিয়ে তিনি বলেন, কোনো আরোপিত আইন দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা যাবেনা।
একটি দল ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে- এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সালাহউদ্দিন বলেন, কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে। যারা এসব কথা বলছে তাদের উদ্দেশ্য খারাপ, তারা চায় নারীদের ঘরে ঢুকিয়ে দিতে। দেশে একটি দল ধর্মের নামে রাজনীতি করছে। সেই দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে।
আগামীতে ধর্মীয় পরিচয়ে কোনো বিভাজন থাকবেনা। এখানে সবাই সংবিধান অনুযায়ী নাগরিক, সবাই সমান অধিকার ভোগ করবে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদে যেভাবে দলগুলো সই করেছে, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এর বাহিরে নতুন কিছু চাপিয়ে দেওয়া হলে তা মানতে বাধ্য নই।