শেখ হাসিনার রায় কেন্দ্র করে নাশকতার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

ফ্যাসিস্ট শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারাদেশে অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে। চলছে নাশকতার অপচেষ্টাও। সবাই মিলে তা রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে একটি মহল বিভিন্নভাবে পাঁয়তারা করছে।

আজ মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

বক্তারা সভায় মাওলানা ভাসানীর বর্ণাঢ্য ও আপসহীন রাজনৈতিক জীবনী তুলে ধরেন।

আলোচনা সভায় অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাওলানা ভাসানীর সাহচর্যের কথা।

এসময় বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, নির্বাচনের পেছাতে কিছু কিছু লোক নতুন নতুন দাবি-দাওয়া সামনে নিয়ে আসছে। তারা যেভাবেই হোক নির্বাচন বিলম্বিত করতে চায়।

নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অবস্থা আরো ‘বিভ্রান্তিকর’ অবস্থায় চলে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল।