বাংলাদেশ জাতীয়তাব্দী দল- বিএনপি'র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসা নেতা-কর্মীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করতে দেখা গেছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই দেওলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানাতে হাজির হয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলে দলে হাজির হয় চন্দ্রিমা উদ্যানের সামনে।
এসময় উপস্থিত বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উপস্থিত হাজার হাজার নেতাকর্মীর মধ্যে মাত্র ৩০ জনকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেয়া হয়েছে। পুলিশ স্বৈরাচারী কায়দায় চারদিক থেকে আমাদের নেতা-কর্মীদের কর্ডন করে রেখেছে।
এসময় তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এই ফ্যাসিবাদী সরকার যে নীলনকশা প্রণয়ন করেছে তা এদেশের মানুষ বাস্তবায়ন হতে দিবে না।
তবে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে নেতা-কর্মীদের ঢুকতে কড়াকড়ি আরোপের বিষয়ে উপস্থিত ও দায়িত্বশীল আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের কবরে তার মরদেহ নেই বলে রাজনীতির মাঠে জোর আলোচনা শুরু হয়। গত ১৭ আগস্ট এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বিষয়টির অবতারণা করেন।
একাত্তর/আরএইচ