সিদ্ধান্ত নিতে ভুল হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে: শামসুজ্জামান দুদু

৭১ ও ২৪ -এর গণহত্যাকারীরা দেশকে বিপন্ন করতে পারে, তাই সিদ্ধান্ত নিতে ভুল হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে ‘বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ৭১ ও ২৪-এর দুই গণহত্যাকারীর চরিত্র এক। তারা দেশের জন্য ক্ষতিকর। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।  

তিনি আরও বলেন, একটি মহল বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যেন দেশে নির্বাচন না হয়। এই ষড়যন্ত্রের পেছনে যারা আছে, তারা আসলে দেশের শত্রু। 

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, দেশের জনগণ আওয়ামী লীগ আর জামায়াতকে বিশ্বাস করতে পারে না বলেই আগামী নির্বাচনে বিএনপিকেই ভোট দেবে।  

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসরদের তোষামোদ করে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়, নির্বাচন করতে হলে দেশের পরিস্থিতি সম্পূর্ণ ভালো অবস্থায় নিয়ে আসতে হবে।