ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হত্যাকারীর শাস্তি ও বিচারের আবারও দাবি জানাচ্ছি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, গতকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। এই হত্যাকাণ্ডের তীব্র ঘৃণা ও নিন্দা জানাই। হত্যাকারীর শাস্তি ও বিচারের আবারও দাবি জানাচ্ছি।
তিনি বলেন, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারসহ কয়েকটি কার্যালয়ে একদল উশৃঙ্খল মানুষ অগ্নিসংযোগ করেছে। কর্মরত সাংবাদিকদের জীবনমৃত্যুর ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। সম্পাদক পরিষদের সভাপতি নিউএজের সম্পাদক ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী ব্যক্তিত্ব দেশবরেণ্য সাংবাদিক নুরুল কবিরের ওপর আক্রমণ করা হয়েছে। আমরা এই ঘৃন্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, গণমাধ্যমসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলার ঘটনা প্রমাণ করে দেশকে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায় পুরোনো চিহ্নিত একটি মহল।
এ সময় এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।
তিনি আরও বলেন, এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ারি করে দিতে চাই এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে ধ্বংস করতে দিতে পারি না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্যবিরোধী সকল রাজনৈতিক-সামাজিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আমরা যেভাবে স্বৈরাচারের পতন ও নির্বাচন আদায় করে নিয়েছি তারই ধারাবাহিকতাতে সকল দেশপ্রেমিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
এর আগে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে রাত রাত পৌনে ৯টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এ বৈঠকের সভাপতিত্ব করেন।
বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
এছাড়া ভার্চুয়ালি যুক্ত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।