সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে হাসপাতাল হয়ে বাসায় ফিরবেন তারেক রহমান

২৫ ডিসেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল আসার আগে ৩০০ ফিটে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এরপর হাসপাতাল থেকে সরাসরি গুলশানের বাসায় যাবেন তিনি। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর কোনো কার্যক্রমে অংশ নেবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এসময় তিনি বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা জনদুর্ভোগের সৃষ্টি করে। তিনি এরইমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত হতে নিষেধ করেছেন। বাংলাদেশে আমরা তার নির্দেশনা পালনের শত চেষ্টা করেও হয়তো শতভাগ পারিনি।

সালাহউদ্দিন আহমেদ জানান, আগামী ২৬ ডিসেম্বর বাদ জুমা শহিদ জিয়ার কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি।

গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

পরে ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনে ভোটার হবেন এবং শহিদ হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একইদিন পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যাবেন তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১২টায় দেশের উদ্দেশ্য রওনা হবেন তিনি।

তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি।