তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে চলবে ১১ জোড়া স্পেশাল ট্রেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় আসা ও ফিরে যাওয়ার জন্য ১১ জোড়া বিশেষ (স্পেশাল) ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মাসুদ সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশেষ ট্রেনের কারণে স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বরের যাত্রা স্থগিত রাখা হবে।

রেল কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত যাত্রী সমাগমে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে তৎপর থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্টেশন এলাকায় বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি। যাত্রীসেবার বিষয়টি প্রাধান্য দিয়ে সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন করা হবে।

এসব ট্রেনের এক দিনের যাত্রা স্থগিত করায় ওই রুটসমূহের যাত্রীদের সাময়িক অসুবিধার কারণে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

যেসব রুটে স্পেশাল ট্রেন চলবে

কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং যশোর-ঢাকা-যশোর।