সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট সড়ক) সংলগ্ন বিশাল গণঅভ্যর্থনার মঞ্চে উপস্থিত বিএনপির লাখ লাখ নেতাকর্মী, সমর্থক ও জনতার উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।
তারেক রহমান বলেন, আপনারা দেখেছেন খালেদা জিয়ার সঙ্গে কী আচরণ করা হয়েছে। আপনাদের সবাইকে নিশ্চিত করতে হবে ধর্ম-বর্ণ সকলে যেন নিরাপদ থাকতে পারে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
তারেক রহমান আরও বলেন, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এখানে পাহাড়ে যেমন মানুষ রয়েছে, তেমনি সমতলে রয়েছে। এখানে হিন্দু-বৌদ্ধ সকল ধর্মের মানুষ রয়েছে। তরুণ নারী-পুরুষ-কৃষক প্রত্যাশা রয়েছে রাষ্ট্রের কাছে, আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে সকলের আশা প্রত্যাশা পূরণ করতে পারি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আপনাদের দোয়ায় প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।