বিগত ১৫ বছরের নিশিরাতের নির্বাচন ও ভোট ডাকাতদের মতো যারা ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে এবং প্রবাসীদের ব্যালট দখল করছে, তাদের সঙ্গে পুরনো ভোট ডাকাতদের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর চারটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাচরুখী আনোয়ারা বেগম ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী প্রচারণার সপ্তম সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং সঠিক ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার তাগিদ দেন।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে অতি দরিদ্র মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ করে দেওয়া হবে।
এছাড়া তিনি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
তিনি উল্লেখ করেন, গত ১৫ বছর মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। রাষ্ট্র মেরামত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বেকারদের কর্মসংস্থানের জন্য নতুন নতুন শিল্প গড়ে তুলতে হবে।