দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের রাজনৈতিক ময়দানে সশরীরে হাজির হয়ে বিশাল এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এই সমাবেশে তিনি ঘোষণা করেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে এবং অপরাধী নিজ দলের হলেও কোনো ছাড় দেয়া হবে না।
চট্টগ্রামের সঙ্গে আত্মিক টান ও আবেগ
বক্তব্যের শুরুতে তারেক রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় উপস্থিত জনতাকে জিজ্ঞেস করেন, ‘অনেরা ক্যান আছন?’ জনতাও সমস্বরে ‘ভালা আছি, ভালো আছি’ বলে উত্তর দেয়।
চট্টগ্রামের সঙ্গে নিজের ও পরিবারের গভীর আবেগের কথা স্মরণ করে তিনি বলেন, এই পুণ্যভূমি থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এই মাটিতেই তিনি শহীদ হয়েছেন। এখানেই দেশনেত্রী খালেদা জিয়াকে ‘দেশনেত্রী’ উপাধি দেয়া হয়েছিল।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
তারেক রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, রাষ্ট্র পরিচালনায় বিএনপি জবাবদিহিতা নিশ্চিত করবে। তাঁর মূল প্রতিশ্রুতির মধ্যে ছিল- দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা। কঠোর হস্তে অপরাধ দমন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা। শুধু সার্টিফিকেট নয়, বরং কর্মসংস্থানভিত্তিক আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি, চট্টগ্রামের জন্য বিশেষ রূপরেখাও দেন তারেক রহমান।
তিনি বলেন, গত ৫৫ বছরেও চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি, যা বিএনপি বাস্তবায়ন করবে। নতুন ইপিজেড নির্মাণ এবং চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
ভোট রক্ষায় ‘তাহাজ্জুদ ও ফজর’ কৌশল
নির্বাচনী ষড়যন্ত্র রুখতে নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি এক অভিনব পরামর্শ দেন। তারেক রহমান বলেন, ভোটের অধিকার রক্ষা করতে ভোটের দিন সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়েই কেন্দ্রের সামনে চলে যেতে হবে। সেখানেই জামাতে ফজরের নামাজ পড়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ‘ধানের শীষের’ কোনো বিকল্প নেই।
পলোগ্রাউন্ড মাঠ পেরিয়ে জনসমুদ্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই সমাবেশে যোগ দিতে ভোর থেকেই চট্টগ্রামসহ রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার থেকে হাজার হাজার মানুষ সমবেত হন। জনস্রোত পলোগ্রাউন্ড মাঠ ছাড়িয়ে টাইগার পাস, সিআরবি ও আমতল পর্যন্ত বিস্তৃত হয়। নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা এবং ধানের শীষের প্রতীক।
তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়
সমাবেশে যোগ দেওয়ার আগে সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে এক ‘যুব সংলাপে’ অংশগ্রহণ করেন তারেক রহমান। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা, কৃষি এবং নারীর ক্ষমতায়নসহ দেশ গড়ার বিভিন্ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন এবং তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পরিশেষে, ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে ভোট বিপ্লব ঘটানোর আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।