শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিমের হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। তিনি বলেছেন, খুনিদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা না নিলে বুঝতে হবে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েই এসব খুন হচ্ছে। জনগণ তাদের ১২ তারিখ লাল কার্ড দেখিয়ে দিবে।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামায়াত নেতা রেজাউল করিমের হত্যাকারী ও মাস্টারমাইন্ডদের বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। ডাকসু নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, দেশে চাঁদাবাজি ও হত্যাকাণ্ড বন্ধ না হলে জুলাই প্রজন্ম আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।
প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, প্রার্থী, জনগণ ও রাজনৈতিক দলগুলোর ওপর হামলা হলেও প্রশাসন নিরাপত্তা দিতে পারছে না। তিনি সাফ জানিয়ে দেন, কেউ শেখ হাসিনার রাজনীতি করতে চাইলে এ দেশে তাদের ঠিকানা হবে না।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।