সমালোচনার মুখে আমিরের আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স একাউন্ট থেকে নারীদের নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছে বলে দেশব্যাপী যে আলোচনা চলছে তা সঠিক হলে, এটিকে সমাজব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেয়ার প্রচেষ্টা বলে মনে করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। 

ড. মাহদী আমিন বলেন, এর আগেও আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় দেয়া সাক্ষাৎকারে নারীর ক্ষমতায়ন নিয়ে নেতিবাচক মন্তব্য করেন জামায়াত আমির। পাশাপাশি প্রশ্ন তোলেন, নারীবিদ্বেষী পোস্ট দেয়ার ৯ ঘণ্টা পর সমালোচনার মুখে আইডি হ্যাক হওয়ার দাবি কতটা যৌক্তিক? 

আইডি হ্যাক হলে বিভ্রান্তি যাতে না ছড়ায় তাই দ্রুত জনগণকে অবহিত করা উচিত উল্লেখ করে মাহদী আমিন বলেন, জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে হ্যাকিংয়ের দাবি তোলা কতটা যৌক্তিক। 

এর আগে শনিবার বিকেলে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটা অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। 

পরে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম শনিবার রাতে বলেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয় বলেও জানান তিনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।