নির্বাচনে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্তে উদ্বিগ্ন বিএনপি, ইশতেহার ৬ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মোতায়েনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির মতে, ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শী হওয়ায় তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করতে পারে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।

মাহাদী আমিন অভিযোগ করেন, গত এক সপ্তাহে বিএনপি চেয়ারম্যানের নামে ২৯টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। বলেন, একটি দলের কর্মকাণ্ড ফ্যাসিবাদী আমলের মতো, তারা পুরাতন বয়ান ছড়াচ্ছে।

বিএনপির গণজোয়ার দেখেই প্রতিপক্ষ এই নোংরা কৌশল বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে মাহাদী আমিন জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৬ ফেব্রুয়ারি বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।