বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর বেলস্ পার্ক মাঠের মঞ্চে তিনি উপস্থিত হন এবং সমর্থকদের উদ্দেশে হাত নাড়ে অভিবাদন জানান।

এর আগে সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লা আমান বক্তব্য দেন।

জনসভায় সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। মহানগরের সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্যসচিব আবুল কালাম শাহীন যৌথভাবে জনসভা সঞ্চালনা করছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম), চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষ প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, জোট প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন। 

হেলিকপ্টার থেকে নামার পর তাকে স্বাগত জানান বরিশাল বিভাগ ও জেলার শীর্ষ নেতারা। তার আগমনকে কেন্দ্র করে প্রশাসনও নিরাপত্তা জোরদার করেছে। মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারিতে রয়েছেন।