ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের আভাস পাওয়ার পর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচনে আমাদের ফলাফল আরও ভালো হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনী ফলাফল এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে নজরুল ইসলাম খান এই দিনটিকে বাংলাদেশের ইতিহাসের একটি ‘উল্লেখযোগ্য দিন’ হিসেবে অভিহিত করেন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এই প্রধান জানান, গত রাত থেকেই কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করেছে। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) এখনো আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা না করলেও আমরা জানতে পেরেছি, বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়েছে। এ দেশের গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপি এবং দলটির ওপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের বিষয়টি মোটামুটি নিশ্চিত।
এবারের নির্বাচনে বড়ো কোনো সহিংসতা বা প্রাণহানি না হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, এবার নির্বাচনে প্রাণহানি হয়নি, এটি একটি ভালো বিষয়। তবে দীর্ঘদিন ভোট দিতে না পারায় এটি একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়ে গিয়েছিল।” একই সঙ্গে অনুষ্ঠিত হওয়া গণভোট প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, সেখানে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার কথা।
নির্বাচনে মিত্র দল জামায়াতে ইসলামীর অবস্থান ও বিভিন্ন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “জামায়াতের মনে কষ্ট আছে, তারা অভিযোগ করতেই পারে। তবে আমাদের বিরুদ্ধে তারা কোনো অভিযোগ করেনি।
তিনি আরও যোগ করেন, আমাদের ধারণা ছিল আমাদের সব প্রার্থীই জিতবে। যাই হয়েছে, সামনে আরও কাজ করার সুযোগ রয়েছে এবং আগামী নির্বাচনে আমাদের ফলাফল আরও ভালো হবে।