দেশ গঠনে সবাইকে তারেক রহমানের আমন্ত্রণ, ‘ঐক্যই আমাদের শক্তি’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

বিজয় পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, আমি দেশ গঠনে সবাইকে আমন্ত্রণ জানাতে চাই। দেশের স্বার্থে আমরা সবাই এক। ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।

তিনি দেশের সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশে সরাসরি জনগণের ভোটে একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হতে যাচ্ছে। নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলকেও তিনি শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আমি দেশের সব জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি— এমন একটি পরিস্থিতির মধ্যদিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি।

বিজয়কে দেশের মানুষের এবং গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের অবশ্যই মানুষের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে সম্মান করতে হবে। সরকার এবং বিরোধী দল যদি একইভাবে দেশের মানুষের স্বার্থে কাজ করে, তবে আপনাদের চিন্তা ও মতামত দেশ গড়তে আমাদের সহায়তা করবে।

তারেক রহমান বলেন, আপনাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং থাকবো।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। ৩০০ আসনের সংসদে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী হয়ে চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহন করতে যাচ্ছে দলটি। তারেক রহমান নিজে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হয়েছেন।

tarek-rahman1

একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচনের মাধ্যমে উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে। তিনি তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটি শান্তির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী দু-একদিনের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ গঠন এবং সরকার পরিচালনার দায়িত্ব বুঝে নেবে বিএনপি। সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি অসংখ্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন।