উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শুক্রবার (১৩ মার্চ) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, চিকিৎসকের পরামর্শে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধানমন্ত্রী তার সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা উনাকে অবহিত করা হচ্ছে বলেও জানান তিনি। 

এছাড়া এদিন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমানও তাকে দেখতে হাসপাতলে যান। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় পানি পান করার পর মির্জা আব্বাস হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় এবং শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।